ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 19, 2026 - 12:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 618 বার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভূল্লী থানার কুমারপুর বশিরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ রাসেল রাব্বি (২৪), ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ডাঙ্গাপাড়া এলাকার মৃত মধুরাম চন্দ্র সরকারের ছেলে বিপ্লব সরকার (৩৫) এবং সদর উপজেলার ইয়াকুবপুর এলাকার মৃত হরি কুমার দেবনাথের ছেলে দীপক দেবনাথ (৩৭)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে ভূল্লী থানা পুলিশের একটি দল কুমারপুর বশিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পুলিশের অভিযোগ, তারা নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছিলেন।

পরে আটক তিনজনকে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দণ্ড দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, মোঃ রাসেল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বিপ্লব সরকার ও দীপক দেবনাথকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়েছে। জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।