রাঙ্গুনিয়ায় ১০০ স্বেচ্ছাসেবী নিয়ে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:সকাল হতেই মরিয়মনগরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় দেখা যায় ব্যতিক্রমী দৃশ্য। কারও হাতে বেলচা, কারও হাতে ময়লা সংগ্রহের বস্তা। দলবেঁধে পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন শতাধিক স্বেচ্ছাসেবী। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাঁচটি স্থানে একযোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে আল হাইথাম কল্যাণ ট্রাস্ট।
অভিযানে উপজেলার ২০টি যুব, মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল থেকে বিভিন্ন দল নির্ধারিত এলাকায় ভাগ হয়ে সড়কের পাশে ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন।
কেবল পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ ছিল না এ উদ্যোগ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। উদ্বোধনের পর বক্তব্য দিয়ে ফিরে না গিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্রশাসনের একজন কর্মকর্তাকে স্বেচ্ছাসেবীদের সঙ্গে একই সারিতে কাজ করতে দেখে অংশগ্রহণকারীদের মধ্যেও বাড়তি উৎসাহ দেখা যায়।
বিভিন্ন সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে নির্ধারিত স্থানগুলো পরিষ্কার করেন। এ সময় পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্বেচ্ছাসেবীদের এমন সম্মিলিত উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে। কর্মসূচিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।








