চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক আব্দুল মান্নান (৫১) কে আটক করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর ) ভোর ৪টা ২১ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মেলার মোড় এলাকা থেকে ট্রাকটি আটক করে। ট্রাকটিতে আনুমানিক ৭০০ বস্তা ইউরিয়া সার বোঝাই ছিল।
আটক চালক আব্দুল মান্নান যশোর জেলার চৌগাছা থানার মশিউর নগর এলাকার আব্দুর রহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে সারগুলো নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে আটক ট্রাক ও চালক থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








