ত্রিশালের পিআইও অফিসে ‘খোলস বদল’ ও বরাদ্দের অর্থ হরিলুটের অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) :সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নয়ছয়, ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদের পাহাড় এবং সময়ের সঙ্গে রাজনৈতিক খোলস বদলের মতো গুরুতর অভিযোগে তোলপাড় শুরু হয়েছে ময়মনসিংহের ত্রিশালে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোঃ শরিফুর রহমানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তদন্ত চেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে।
অভিযোগগুলোর অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
রাজনৈতিক পরিচয় ও
বদলি-বাণিজ্যের অভিযোগ
প্রথম অভিযোগটি দায়ের করেছেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খান।
ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে দাবি করা হয়েছে, শরিফুর রহমান অতীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিগত সরকারের সময়ে দলীয় কর্মসূচিতে অর্থ দিয়ে সহযোগিতা করতেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এখন নিজেকে ছাত্রদলের সাবেক কর্মী হিসেবে পরিচয় দিলেও নেপথ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া আর্থিক লেনদেন ও প্রভাব খাটিয়ে ত্রিশালে বদলি হয়ে আসা, সেবাগ্রহীতাদের সঙ্গে অশোভন আচরণ এবং দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে তার বিরুদ্ধে জরুরি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
‘কাগজে-কলমে কাজ’ ও
সম্পদের অভিযোগ
অন্যদিকে, ধানীখোলা এলাকার বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয়ে মোঃ রানা আহাম্মেদ ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থেকে শরিফুর রহমান ঘুষ বাণিজ্য ও উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট করছেন।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে—আর সেই অর্থ দিয়েই গড়ে তোলা হয়েছে দামি সম্পদ।
ধানীখোলার
দুটি বরাদ্দ নিয়ে তীব্র প্রশ্ন :
দ্বিতীয় অভিযোগপত্রে ধানীখোলা ইউনিয়নের দুটি নির্দিষ্ট প্রকল্পের বরাদ্দ নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।
অভিযোগকারীর দাবি অনুযায়ী, মাঠপর্যায়ে কাজ না করেই বরাদ্দ উত্তোলন বা নয়ছয়ের অভিযোগ রয়েছে নিচের দুটি প্রকল্পে:
মৈশাটেকি মোজ্জামেল মাস্টারের বাড়ি থেকে মকবুলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত: এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৫ হাজার টাকার কাজ বাস্তবে হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
মৈশাটেকি মেইন রাস্তা থেকে ঘোড়াওয়ালার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত:
এই কাজের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৫ হাজার টাকাও মাঠে কাজ না হয়েই নয়ছয় হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার পর বদলির আশ্বাস দেওয়া হলেও নানা তদবির ও প্রভাব খাটিয়ে তিনি এখনো ত্রিশালেই বহাল রয়েছেন।
নিরপেক্ষ তদন্তের দাবি
উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে কাজে লাগছে কি না এবং উত্থাপিত অভিযোগগুলোর পেছনে কতটা সত্যতা রয়েছে—তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা চলছে।
সংশ্লিষ্টদের দাবি, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।
অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় এবং অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।








