সখীপুরে মোটরসাইকেল-শেয়াল দূর্ঘটনায় যুবক নিহত
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে শেয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম শিমুল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) সন্ধা ৭টার দিকে সখীপুর পৌরসভার ক্যাপ্টিনমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম শিমুল পাশ্ববর্তী ভালুকা উপজেলার (ইছাদিঘী) গিলাচালা গ্রামের সাদিকুর শাহীন মিয়ার ছেলে।
নিহত মাজহারুলের ভাগিনা রাইসুলের সঙ্গে কথা বলে জানা গেছে, মাজহারুল ইসলাম ওইদিন ইফতারের পর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সখীপুর যাচ্ছিলেন। সখীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের ক্যাপ্টিনমোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে একটি শেয়ালের ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়।
পরে স্থানীয়রা আহত মাজহারুল ইসলামকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহত মাজহারুলকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি”।








