ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে নৌকার মাঝিকে ছেড়ে ট্রাকের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 19, 2023 - 10:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ১৯ দিন বাকী। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনীত নৌকার মাঝিকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন আ. লীগ নেতারা। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে এর প্রমাণ মিলে।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়ছারুল ইসলাম এর কাছ থেকে ট্রাক প্রতীক পেয়ে অনুষ্ঠানিকভাবে এর প্রচারণা শুরু করেন তার সমর্থন কারীরা।

বিকেলে মির্জাপুর পৌরসদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম আল মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু।

মন্টু তার বক্তব্যে বলেন, আগামী ৫ বছরের পরে আমি আর নির্বাচন করতে পারবো কিনা জানি না। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনারা সবাইমিলে যদি এক চ্যাটিয়া ভোট দেন তাহলে বহিরাগতরা আর কোনদিন নির্বাচনে যাবে না। তিনি আরও বলেন ভোট কেন্দ্র পাহাড়া দিতে প্রয়োজনে গজারি গাছের ডাল ও বাঁশের লাঠি ব্যবহার করার জন্য আ.লীগ নেতাদের প্রতি আহবান জানান।

এ সময় মন্টুকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যকরী সদস্য মেজর (অবঃ) খন্দকার আব্দুল হাফিজ, কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল-৭ সংসদীয় আসনে ৮জন প্রতিদ্বন্ধী প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম। প্রতীক বরাদ্দকৃতরা হলেন, খান আহমেদ শুভ (নৌকা), মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক), জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি), মনজুর রহমান মজনু (মশাল), আরমান হোসেন তাপস (গামছা), রুপা রায় চৌধুরী (ডাব), মোক্তার হোসেন (গোলাপ ফুল)।

গতকাল রবিবার স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি ও ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।