কবিতা “হে আমার সর্ববিনাশী প্রেম”
মুহম্মদ আজিজুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত
হে আমার সর্ববিনাশী প্রেম,
আমার সমস্ত অস্তিত্বকে তুমি কোরেছো নিলীন।
আমার সকল যুক্তি বুদ্ধি জ্ঞান চিন্তা চেতনা
আজ লুপ্তপ্রায়।
আমার অস্তিত্বের সর্বশেষ চিহ্ন কেবল
বক্ষঃমধ্যের ধুকধুকানিটুকু।
হে আমার সর্বগ্রাসী প্রেম,
তুমি আমায় কোরেছো গ্রাস নির্মম নির্বিকারে।
এই নিস্তব্ধ নিষুপ্ত নিশীথে শুনিতে কি পাও
চতুর্দিক হতে ঝিঁঝিঁর অবিশ্রান্ত কোরাস?
ওটি কোরাস নয় কোনো সাধারণ;
ওটি আমার অস্তিত্বের নিমজ্জন-প্রক্রিয়ায়
সম্পৃক্ত একটি শোক-সঙ্গীত; একটি এলেজি মাত্র।
হে আমার নির্দয় প্রেম, তোমার বিশাল ধাবমান
নিপীড়নরাশির মাঝে জানি আছে একটি সূক্ষ্ম সুখের রেখা।
সেই চিক্কণ সুখরেখাটিও যে ক্লেশমুক্ত নয়;
নয় সুখদ, শান্তিময়!
হে আমার সর্ববিধ্বংসী প্রেম,
আমি তোমা হতে মুক্তি চাই এবার! মুক্তি!
আমি ক্লান্ত, আমি শ্রান্ত, আমি নিপীড়িত,
আমি নিঃশেষিত, আমি অস্তিত্বহীনপ্রায়।
আমি শান্তি চাই! আমি শান্তি চাই! শান্তি শুধুই!
ওম শান্তি! ওম শান্তি! ওম শান্তি!








