ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে জুলাই স্মৃতিচারণ এবং প্রেম ও প্রকৃতির গানে বসন্ত উৎসব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 15, 2025 - 4:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। “আসছে ফাগুণ, আমরা হবো দ্বিগুণ” প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়। নাট্যদল ‘ভূমিজ’ এবং প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ‘কারিগর’—সংযুক্তভাবে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এই আয়োজন করে।

উৎসবে স্থানীয় গীতিকার ও সুরকারদের প্রেম ও প্রকৃতি বিষয়ক গান পরিবেশন করেন ‘ভূমিজ’-এর শিল্পীরা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পঞ্চগড়ের জুলাই বিপ্লবের শহীদ পাঁচজনকে স্মরণ করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিকেলে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

গান পরিবেশনের মধ্যেই জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া স্থানীয় ছাত্র, শিক্ষক, সমাজসেবী ও আইনজীবীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

‘ভূমিজ’-এর নাট্যকর্মী ও সংগীতশিল্পী পূর্বা, জেবিন, রইস উদ্দিন, মোস্তাক আহমেদ, রনী শীল, রিপন, তানিন, আনোয়ার, সুমন ও আমিনুর সংগীত পরিবেশন করেন।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, ফয়সাল ও মাহফুজ; পঞ্চগড় জজ কোর্টের সহকারী কৌঁসুলি ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারি; বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলার সভাপতি আনোয়ার ইসলাম খায়ের; ‘ভূমিজ’-এর সভাপতি সরকার হায়দার; উদীচীর সভাপতি গোলাম কিবরিয়া; স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, মানিক খা প্রমুখ।

বক্তারা আন্দোলনের সময়কার নানা প্রতিবন্ধকতা, হুমকি ও নির্যাতনের স্মৃতিচারণ করেন।