বারহাট্টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মামুন কৌশিক, বারহাট্টা,নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টা থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোমবারে বারহাট্টা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বার।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও এসআই মোস্তাফিজের পরিচালনায় বক্তব্য রাখেন-বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী তালুকদার,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল সহ প্রমুখ।এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি সহ উপজেলার সকল স্থতের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বার মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।








