ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের নামে রাস্তা উদ্বোধন করলেন ইউএনও
আরিফ রববানী : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে তার জন্মস্থান ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া গ্রামে একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে বিরুনিয়া ইউনিয়নের কাইচান এলাকার জালাল উদ্দিনের বাড়ি থেকে শহীদ পারভেজ এর বাড়ী পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি । এর আগে নিহত পারভেজ এর কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “পারভেজের মতো ছেলেদের এভাবে অকালে চলে যাওয়া দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি। পারভেজের স্মরণে এই রাস্তাটি পারভেজকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে। এসময় তিনি এলাকাবাসী সহ সবাইকে পারভেজের পরিবারের খোঁজখবর রাখার আহ্বান জানান”। এসময় উপজেলা নির্বাহী অফিসার- নিহত পারভেজের বাড়ী গিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসেন, সাবেক চেয়ারম্যান ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সরকার, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সম্পাদক কায়সার আহমেদ কাজলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি পারভেজের স্মৃতি অমলিন রাখতে ভূমিকা রাখবে এবং একই সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর করবে।
এ সময় এলাকাবাসী রাস্তার নামকরণ ও উন্নয়ন কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








