ঢাকা | মে ৪, ২০২৬ - ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে জুলাই গণ-অভ্যুত্থানে ৩৮ শহীদ পরিবারকে ৭৬ লাখ টাকা অনুদান প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 3:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহে জুলাই গণ-অভ্যুত্থানে ৩৮ শহীদ পরিবারের সদস্যদের মাঝে ৭৬ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা পরিষদের নিজস্ব তহবিল (রাজস্ব) থেকে শহীদ পরিবারের অনুকূলে এই অনুদানের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং তাদের পরিবারকে সঠিক সম্মান জানানোর প্রতিশ্রুতি দেন। তিনি অনুদান বিতরণে যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা বিলম্ব হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে, তিনি জানান যে মন্ত্রণালয় থেকে প্রতিটি শহীদ পরিবারকে আরও ১০ লাখ টাকা সঞ্চয়পত্র করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, শহীদদের কবরস্থান পাকাকরণ, শহীদদের পরিবারের বাড়ির কাছের রাস্তা শহীদের নামে নামকরণ, এবং শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। বিভাগীয় কমিশনার বলেন, “আপনারা আমাদের অন্তরে আছেন। আপনাদের প্রতি সম্মান ও সহানুভূতি সব সময় থাকবে।

সিনিয়র সহকারী কমিশনার মো. মোহছেন উদ্দিনের পরিচালনায় এই চেক বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম তার বক্তব্যে জানান, সরকারের পক্ষ থেকে জুলাই-আগস্টে নিহতদের পরিবারের সদস্যদের জন্য বাসস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদদের জন্য একই মৌজায় আবাসন গড়তে চেষ্টা করা হচ্ছে। জমি প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হলেও, ইতিমধ্যেই ৬০ শতাংশ জমি সংগ্রহের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এবং আরও ৪০ শতক জমি সংগ্রহের চেষ্টা চলছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জিয়া আহমেদ সুমন বলেন, শহীদ পরিবারের প্রকৃত সদস্য (বাবা, মা, স্ত্রী কিংবা সন্তান) যেন সরকারের এই অনুদান পান এবং এই অনুদান প্রদানে যেন কোনো ঝামেলা না হয়, সেই লক্ষ্যে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। এ জন্যও প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

চেক বিতরণ সভায় শহীদ শেখ শাহরিয়ারের পিতা আব্দুল মতিন, শহীদ পরিবারের সদস্য আরিফ সরকার, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন এবং আল আমিন বক্তব্য রাখেন। সভায় শহীদ পরিবারের সদস্য, বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাই-বোন, এবং আহতদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশে ময়মনসিংহের ৪১ জন শহীদ হয়েছেন।

সভায় আগত ৪১ জন শহীদ পরিবারের সদস্যদের যাতায়াতের জন্য নগদ ১ হাজার টাকা এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম সহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৮টি শহীদ পরিবারের সদস্য ও তাদের ওয়ারিশানদের মাঝে মোট ৫১টি চেক বিতরণ করা হয়, যার সম্মিলিত মূল্য ছিল ৭৬ লাখ টাকা। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব শহীদ পরিবার এখনও যোগাযোগ করতে পারেনি, পরবর্তীতে তারাও এই অনুদান পাবেন।