ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে বিএনপি’র নামে অপপ্রচারের দাবি- প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 15, 2025 - 5:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

শরিফুল ইসলাম বাবুল সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

১৫ জুন (রবিবার) বিকেলে সখীপুর পৌর শহরের বিএনপি’র নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ১৩ জুন (শনিবার) রাত ১ টার দিকে সখীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সখীপুর সরকারি কলেজ মোড়ের পূর্ব পাশে একটি বসতঘর ও দোকান ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি’র নেতাদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন নেতারা।

সংবাদ সম্মেলনে এ সময় সখীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী আঃ গনি, যুবদলের আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাসির উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন। তিনি বলেন, “উক্ত জায়গা সংক্রান্ত পূর্ববিরোধ ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে জেলা বিএনপি থেকে আশরাফ নামের এক ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এ ছাড়া সখীপুর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সভাপতি বলেন, যদি বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ এই কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি’র নেতৃবৃন্দ এই ধরনের অপপ্রচারে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এবং বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য আহ্বান জনান।