কমলগঞ্জে আমদানী নিষিদ্ধ ৫২ হাজার শলাকা বিদেশী সিগারেট জব্দ, আটক ২
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আমদানী নিষিদ্ধ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের বাসিন্দা মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মিঠু রায়ের নেতৃত্বে রহিমপুর ইউনিয়নের কাঠালতলী এলাকার পরখানালা ব্রিজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালানো হয়। ওই গাড়ি থেকে ২৬০টি কার্টুনে থাকা ৫২ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃতরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো মৌলভীবাজার শহরের দিকে বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো সফল অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন এবং পুলিশের এমন সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।








