কমলগঞ্জে সুনছড়া চা বাগান থেকে গর্জন গাছ চুরি: মূল হোতাসহ জড়িত ১৫ জন
স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান থেকে বিরল প্রজাতির একটি বিশাল গর্জন গাছ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে সংঘবদ্ধ একটি গাছ পাচারকারী চক্র এই চুরি সংঘটিত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাচারের আগে চোরচক্রটি বাগানের লাইন চৌকিদার ও ব্যবস্থাপককে ‘ম্যানেজ’ করে নেয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে গাছটি কেটে খণ্ড খণ্ড করে ট্রাকে করে বাগান থেকে পাচার করে নিয়ে যায়। গাছটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
এই ঘটনায় পুরো বাগান জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গাছ চুরির মূল হোতা হিসেবে মিলন মিয়াকে শনাক্ত করা হয়েছে। তার নেতৃত্বে আরও অন্তত ১৪ জন শ্রমিক এই কাজে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সুনছড়া চা বাগানের ব্যবস্থাপক প্রবীর হাওলাদার বলেন, “গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। আপনারা আগামীকাল অফিসে আসেন, সাক্ষাতে আলাপ করা যাবে।” এরপর তিনি আর কিছু বলতে রাজি হননি।
চা বাগানের এই গুরুত্বপূর্ণ সম্পদ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা অভিযোগ করছেন, বাগান কর্তৃপক্ষের গাফিলতি, দুর্নীতি ও নিরাপত্তার অভাবেই বারবার এমন ঘটনা ঘটছে।
সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত তদন্ত করে চক্রের সদস্যদের আইনের আওতায় আনা এবং চা বাগানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।








