ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, প্রতিপক্ষকে দায়ী করলেন নিহতের বাবা, তদন্তে পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 9, 2025 - 12:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের পাশে লিটনের জবাইকৃত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এলাকার লোকজন জানান, লিটনের সঙ্গে বিভিন্ন মানুষের বিরোধ ছিল। তবে সোমবার রাতে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

নিহতের বাবা সত্তার মিয়া অভিযোগ করে বলেন, “পূর্ব বিরোধের জের ধরে শামীমসহ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।”

এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়েছি। পুলিশ লাশ উদ্ধার করছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। নিহতের পরিবার থানায় অভিযোগ দেয়নি। তদন্ত চলছে।”