ঢাকা | মে ২, ২০২৬ - ৭:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাই-বোনের ভালোবাসার বন্ধনে মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘নিঙোল চাকৌবা’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 25, 2025 - 10:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: ভ্রাতৃত্ব ও ভ্রাতৃপ্রেমের অনন্য প্রতীক ‘নিঙোল চাকৌবা’ উৎসব পালন করেছে মণিপুরী মৈতৈ সম্প্রদায়। ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজ করানোর মাধ্যমে এই ঐতিহ্যবাহী উৎসবটি প্রতিবছরই পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে দিনব্যাপী আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘নিঙোল চাকৌবা’। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়াতোবম সমরেন্দ্র এবং সঞ্চালনা করেন তিনিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক (এনসিপি) সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।
 
উৎসবের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী আয়োজনে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি প্রীতম দাস বলেন,
 
“আমাদের মধ্যে যে সম্পর্ক আছে তা অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্ককে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে।”
 
 
 
দিনব্যাপী আয়োজনে শতাধিক ভাই-বোন অংশ নেন। ভাইয়েরা বোনদেরকে নিজ হাতে ভূরিভোজ করান এবং উপহার প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরী শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
 
‘নিঙোল চাকৌবা’ শব্দের অর্থ ‘ভাই কর্তৃক বোনকে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতিবছর কার্তিক মাসে এই উৎসবটি মণিপুরি সম্প্রদায় অত্যন্ত আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করে।
ভারতের মণিপুর রাজ্য ছাড়াও বাংলাদেশের মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে এটি সামাজিক বন্ধন ও পারিবারিক ভালোবাসার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।