কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎবার্ষিকী পালন
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ধলই সীমান্তে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বীর মুক্তিযোদ্ধা আশরাব আলী, স্থানীয় জনপ্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন,
বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি আরও দৃঢ় করেছে। তরুণ প্রজন্ম যেন তাঁর জীবনাদর্শ থেকে দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা গ্রহণ করে, সেটিই আজকের মূল প্রত্যাশা।
বীর মুক্তিযোদ্ধা আশরাব আলী বলেন,
হামিদুর রহমানের সাহস ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণার উৎস। দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেনভএটাই একজন সত্যিকারের বীরের পরিচয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তাঁর মতো মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও আদর্শ ধরে রাখাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।








