ধানের শীষ এবার ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলের হাতে
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ২৩২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তিনি সাবেক জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। ধানের শীষ প্রতীক নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একাধিকবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এবার সেই প্রতীকই পিতার হাত থেকে পুত্রের হাতে যাওয়ায় জেলা বিএনপিতে উচ্ছ্বাস বিরাজ করছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, “সুযোগ্য সন্তানের হাতে দলের প্রতীক তুলে দেওয়া সঠিক সিদ্ধান্ত। তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী নওশাদ জমিরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিনের জনপ্রিয়তা ও জনগণের আস্থা বিএনপির বড় সম্পদ। সেই উত্তরাধিকার নিয়েই এবারও পঞ্চগড়ে ধানের শীষ বিজয়ের পথে থাকবে।”








