আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: শনিবার, ৩০ মে, ২০২৬ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক এই আয়োজনে বাধা ছিল নিত্যদিনের দোয়া মাহফিলে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন: “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক। দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। বিএনপির যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও, আমরা রাঙ্গুনিয়ার এই পবিত্র দোয়া মাহফিলের মাধ্যমেই তা শুরু করি।”
বিগত সরকারের আমলে ঘাত-প্রতিঘাত ও নানা প্রতিবন্ধকতার স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, কয়েক বছর আগেও এখানে দোয়া করতে বা ফুল দিতে এলে চরম বাধার সম্মুখীন হতে হতো। নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের আলো ফোটার আগে এখানে আসতে হয়েছে। সবসময় এক ধরণের সন্ত্রাসী হামলার আশঙ্কা মাথায় নিয়ে চলতে হতো।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের ওপর হওয়া সকল অন্যায়ের বিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, যারা বিভিন্ন সময়ে আমাদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
সবশেষে, শহীদ জিয়ার প্রথম সমাধির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি, দলের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।








