মির্জাপুরে নারী মুদি দোকানী ৩৯০ পিস ইয়াবাসহ আটক
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ এ যেন কোন অপরাধই নয় মুচকি হাসি হেসেই চলছে জেল হাজতে। কোন কিছুই হয়নি মনে করে এমন হাসি আসে। জেল হাজতকে ডাল ভাত মনে করেন মাদক ব্যবসায়ীরা।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে। মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীকে আটক করা হয়।
রবিবার (৭ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়া-বা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং নারী দোকানদার সাথী আক্তার (৩৬) কে আটক করা হয়। তিনি উপজেলার মাঝালিয়া গ্রামেরই বাসিন্দা।
আটককৃত সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।








