ঢাকা | জুন ১২, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ, স্বস্তিতে এলাকাবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 10, 2026 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: অবশেষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আবাসিক এলাকার সড়ক পাশে থাকা দীর্ঘদিনের পুরোনো ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি মৃতপ্রায় গাছ কেটে ফেলা হচ্ছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে মুক্তি পেলেন স্থানীয় বাসিন্দা এবং এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন।

​আজ বুধবার (১০ জুন) সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিশেষ উদ্যোগে গাছটি অপসারণের কাজ শুরু হয়।

​স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকার মূল সড়কের পাশে এই বিশাল গাছটি দীর্ঘদিন ধরে শুকিয়ে কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে ছিল। সামান্য ঝড়-বৃষ্টি বা বাতাসে যেকোনো সময় গাছটি ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

​জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয়রা।

​বিশেষ করে এই জনবান্ধব কাজের তদারকি ও বাস্তবায়নে ভূমিকা রাখায় এলাকাবাসী আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন—​ সাংবাদিক মোহাম্মদ ফিরোজ,  মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রধান বৃক্ষপালনবিদ, সওজ, পাইকপাড়া, মিরপুর) বিপ্লব কুন্ড (নির্বাহী বৃক্ষপালনবিদ, সওজ, মিরপুর), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) চট্টগ্রাম এবং রাংগুনীয়া উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

​স্থানীয় সচেতন মহল মনে করেন, সওজ কর্তৃপক্ষের এমন দ্রুত এবং দায়িত্বশীল পদক্ষেপের কারণে একটি নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পেল চন্দ্রঘোনা আবাসিক এলাকার মানুষ। আগামীতেও জনস্বার্থে এমন তৎপরতা বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।