চাঁদপুর জেলার শ্রেষ্ঠ থানা কচুয়া, ছয় ক্যাটাগরিতে সম্মাননা
বিশেষ প্রতিবেদক, কচুয়া থেকে : চাঁদপুর জেলার মে-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়া থানা। একই সঙ্গে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে কচুয়া থানার একাধিক কর্মকর্তা শ্রেষ্ঠত্ব অর্জন করে সম্মাননা লাভ করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার রবিউল হাসান বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন মোঃ আজিজুল ইসলাম। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন মোঃ রাশেদুল হক। শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন মোঃ রুবেল সরকার।
এছাড়া শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) হিসেবে সম্মাননা লাভ করেন মোঃ শরীফুল ইসলাম-২ এবং ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন ফ. ম. শাহজাহান।
জেলা পুলিশের মূল্যায়নে কচুয়া থানার এ সাফল্য আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, তদন্ত কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডে পেশাদারিত্ব ও দক্ষতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করে। পুরস্কার শুধু অর্জনের স্বীকৃতিই নয়, বরং ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা জোগায়।
কচুয়া থানার এই গৌরবজনক অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








