সময় ফুরিয়ে গেলে মূল্যও ফুরিয়ে যায় জীবনের কিছু নির্মম সত্য
মো. নাসির : বৃষ্টি থেমে গেলে ছাতাটিও অনেকের কাছে আর প্রয়োজনীয় থাকে না। কলমের কালি ফুরিয়ে গেলে সেটি স্থান পায় আবর্জনার ঝুড়িতে। ভালোবাসার মানুষটির দেওয়া ফুলটিও শুকিয়ে গেলে একসময় ডাস্টবিনে গিয়ে পড়ে। জীবনের এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের একটি বড় সত্যের কথা মনে করিয়ে দেয়—সময় ও প্রয়োজনের সঙ্গে অনেক কিছুর মূল্য বদলে যায়।
জীবনের অন্যতম কঠিন বাস্তবতা হলো, মানুষের কাছে আমাদের গুরুত্ব অনেক সময় নির্ভর করে আমরা তার জন্য কতটা উপকারী বা প্রয়োজনীয়। বাস্তবতা কঠিন হলেও এটিই সত্য। আমরা তা মেনে নিই বা না নিই, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলে যায়।
আজ যে দৈনিক পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সেই পত্রিকাই পুরোনো কাগজ হিসেবে কেজি দরে বিক্রি হয়। শিক্ষাবর্ষের শুরুতে যে বইগুলো অমূল্য মনে হয়, বছর শেষে অনেক সময় সেগুলোও ওজন করে বিক্রি হয়ে যায়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের মূল্য যেমন বদলে যায়, তেমনি বদলে যায় অনেক সম্পর্কের অবস্থানও।
মানুষ স্বার্থহীন নয়—এ কথাও অস্বীকার করার উপায় নেই। তবে সব মানুষ একই রকম নন। অনেকেই নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ান, আবার অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থ মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না রেখে নিজের মানবিকতা অটুট রাখাই শ্রেয়।
জীবনকে সহজ ও সুন্দর করতে চাইলে রাগ কমাতে হবে, অহংকার পরিত্যাগ করতে হবে এবং প্রত্যাশা সীমিত রাখতে হবে। কারণ অতিরিক্ত প্রত্যাশা থেকেই জন্ম নেয় অধিকাংশ হতাশা।
আপনি যদি কারও জন্য কোনো ভালো কাজ করে থাকেন, তবে সেটিকে মনে রেখে অহংকারে ভুগবেন না। বরং ভুলে যান। কিন্তু কেউ যদি আপনার জন্য সামান্যতম উপকারও করে থাকেন, সেটি আজীবন মনে রাখুন। কৃতজ্ঞতা মানুষকে বিনয়ী করে, আর বিনয়ই একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।
জীবনের প্রকৃত সৌন্দর্য প্রতিদান পাওয়ার মধ্যে নয়; বরং ভালো কাজ করে যাওয়া, কৃতজ্ঞ থাকা এবং মানুষের প্রতি সম্মান বজায় রাখার মধ্যেই নিহিত।








