এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার
জিয়াউল কবীর, ২৩ জুলাই,বৃহস্পতিবার,রাজশাহী: চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের যুবসমাজকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৬৪ জেলার বেকার যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে এআই বেসিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।
“তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১ মাসব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই কোর্সে প্রতিদিন ৬ ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসি বা সমমান পাস বেকার যুবক-যুবতীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর কম্পিউটার পরিচালনা ও ইংরেজিতে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুলাই ২০২৬, রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে https://dydaioproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে। ক্লাসে উপস্থিতির ভিত্তিতে প্রত্যেককে প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা এবং বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে। কোর্স শেষে সরকারি সনদপত্র প্রদান করা হবে, যা দেশ-বিদেশে চাকরি ও ফ্রিল্যান্সিং ক্ষেত্রে সহায়ক হবে।
বাছাই প্রক্রিয়ায় আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ জুলাই এবং মৌখিক পরীক্ষা ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের এআই-এ দক্ষ করে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই প্রতিটি জেলা থেকে মেধাবীরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াক।
আইটি বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে এসে এআই স্কিল ছাড়া ক্যারিয়ার কল্পনা করা কঠিন। সরকারের এই পদক্ষেপ “স্মার্ট বাংলাদেশ” গড়তে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ChatGPT, কন্টেন্ট ক্রিয়েশন, ডাটা এনালাইসিস থেকে শুরু করে ফ্রিল্যান্সিং – সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বাড়ছে। ফলে এই প্রশিক্ষণ যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে সূত্র জানিয়েছে।








