ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি হুমায়ুন তালুকদার গ্রপ্তার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন তালুকদারকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। হুমায়ুন তালুকদারের পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে যশোর  বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসার জন্য ভারতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন তালুকদার শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন। ইমিগ্রেশন পুলিশের অনলাইন ডেটাবেজ ও আউটস্ট্যান্ডিং (স্টপলিস্ট) তালিকায় নাম ও তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ভেসে ওঠে। এরপর ইমিগ্রেশন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন এবং সত্যতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখান। রাজনৈতিক নানান ঘটনায় তার বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা অনুযায়ী তাকে আটক করা হয়।

​এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, হুমায়ুন তালুকদারের নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে থাকায় বেনাপোল চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।