রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-চন্দ্রঘোনা কদমতলীর লিচুবাগান ফেরিঘাট এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. মানিক (৩৫), হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিপুর পাড়া এলাকার প্রদীপ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস এবং চন্দ্রঘোনা কদমতলীর বনগ্রাম এলাকার মৃত আলী হাওয়ালদারের ছেলে মো. সুমন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক ও মো. সুমনকে গাঁজা সেবনের অপরাধে সাত দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপু বিশ্বাসকে ইয়াবা সেবনের অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও অব্যাহত থাকবে।”








