ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। এছাড়া বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী নূর।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মো. ফজলুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আইনের শাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

হাজী ইলিয়াস সিকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। শহীদদের আদর্শকে ধারণ করে দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

মোহাম্মদ শওকত আলী নূর বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন, রাঙ্গুনিয়া দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।