মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন। মাজারগুলো বন্ধ করে দিতে চেয়েছিলেন। একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোনো মাজার ধ্বংস করা হয়, তাহলে আমরা আর ঘরে বসে থাকব না।”
তিনি বলেন, পীর-তরিকাও আছে, মাজারও আছে। কোনো স্থান তারা ভাঙতে পারবেন না।”
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “যেখানে সারের ডিলার নেই, সেখানে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলার নিয়োগের মাধ্যমে সারের সমস্যা সমাধান করা হবে। কোনো কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়, তা নিশ্চিত করা হবে। সোলার প্রকল্প নিয়ে এসে বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব প্রতিশ্রুতি পূরণ করবে।”
তিনি আরও বলেন, “হজরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রিসভাও গঠন করেছিলেন। আপনাদের সেই আশা জনগণ পূরণ করতে দেয়নি।”
আজাদ বলেন, “আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর ১৪ বছরের নবুয়তের কথা এবং তাঁর নীতি-আদর্শের কথা শুনছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন সে সময় বিচারে রাসুল (সা.) উপস্থিত ছিলেন এবং সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করেছিলেন।”
আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।
দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন।








