নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ ও তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. আতিক আসলাম হোসেন এবং নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেসুর রহমান মকে, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল, তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু।
এছাড়া সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. আব্দুল বারী। সভায় তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতন করা হয়। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবার থেকেই তাদের প্রতি নজরদারি ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।সভায় মাদকবিরোধী সচেতনতার বার্তা হিসেবে বলা হয়— “মাদককে না বলি, মুক্ত সুন্দর জীবন গড়ি।”