বিএসএফের ১১ দিনের বন্দিদশা কাটিয়ে বাঘার ৫ বাংলাদেশি মুক্ত
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:ভুলবশত ভারতীয় সীমান্ত অতিক্রম করার ১১ দিন পর বিএসএফের হাতে আটক রাজশাহীর বাঘার পাঁচ বাংলাদেশি নাগরিক অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুক্তিপ্রাপ্তদের বাঘা-চারঘাট এলাকার সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের হাতে তুলে দেওয়া হয়। পরে তিনি তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে সোপর্দ করেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে ঘাটে উপস্থিত স্বজন ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-অশ্রুর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন—মোশারফ হোসেন, শাহাবুল ইসলাম, বাবর আলী, সাইফুল ইসলাম এবং আসাদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর উপজেলার বাংলা বাজার চর এলাকা থেকে পাট বোঝাই করে নৌপথে বাড়ি ফিরছিলেন এই পাঁচজন। এ সময় কুয়াশা বা দিকভ্রান্ত হয়ে তারা ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে নিয়ে যায়। নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু থেকেই সোচ্চার ছিলো বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
সন্ধ্যায় মুক্তির পর নিজ এলাকায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। স্বজনদের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় প্রিয়জনদের ফিরে পেয়ে পরিবারগুলোর সদস্যরা সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।








