পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু।
সভায় বক্তারা বলেন, তথ্য মানুষের ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার। জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অপতথ্য প্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সঠিক তথ্য যাচাই করে প্রচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আন্তর্জাতিক তথ্য দিবসের তাৎপর্য, তথ্য অধিকার আইন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার এবং অপতথ্য প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।








