ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যথাযোগ্য মর্যাদায় ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 14, 2026 - 5:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মো: আব্দুর (রাজ্জাক কাজল) (কুড়িগ্রাম) প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক বৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রথম উপজেলা হিসেবে ১৯৭১ সালের এই দিনে ভূরুঙ্গামারী হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেন।

১৩ নভেম্বর রাতে মর্টার-কামানসহ ভারী অস্ত্র দিয়ে আক্রমণ শুরু হয়। ভোরের আগেই পাকিস্তানি সেনারা পিছু হটে নাগেশ্বরীর রায়গঞ্জে অবস্থান নেয়। ১৪ নভেম্বর ভোরে মুক্তিবাহিনী বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের সামনে এসে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করেন।

বক্তারা আরও বলেন, ভূরুঙ্গামারী মুক্ত হওয়ার খবর সারাদেশের মুক্তিযোদ্ধাদের মনে নতুন উদ্দীপনা জাগিয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে।

পরে শহীদ মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।