ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১০ জন আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 18, 2023 - 2:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিন কেরানীগঞ্জে একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কোন্ডা ইউনিয়নের কাটুরাইল ঋষিপাড়া এলাকার একটি চারতলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)।

বিস্ফোরণের প্রচন্ডতায় ঘরের দেয়াল উড়ে যায়। দেয়াল ধসে আহত হয়েছেন প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫), তারা রানী (৩৫), তাপশ (৩০), রাখি রানী (৩২) ও নিঝুম (২৯)।

কেরানীগঞ্জ দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের কয়েকজনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এটি দুর্ঘটনা না নাশকতা সেটি তদন্ত করা হচ্ছে।

দগ্ধ উমা রানীর নাতি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তার দাদার। নিচতলায় থাকেন দাদী উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানী রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়েছে। দ্রুত দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আহত লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য জানান, লিপির বাসা ওই বাড়ির পাশেই। সকালে যখন বাড়িটিতে বিস্ফোরণ হয়, তখন সেখান থেকে দেয়ালের ইট এসে লিপির মাথায় পড়েছে।
স্বপন রাজবংশী পেশায় ঝালমুড়ি বিক্রেতা। থাকেন ওই এলাকাতেই। সকালে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। বিস্ফোরণে ইট এবং সাটার ভেঙে এসে মাথায় পড়ে আহত হন তিনি।