বিএনপিকে রাস্তায় নামাবেন না: শামসুজ্জামান দুদু
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “ইউনূস সাহেব, আপনাকে বলছি—আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ। দেশে-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাবেন না। একবার নামলে আর থামানো যাবে না।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “১৭ বছর পর এবারই দেশে ভোট হবে। বিএনপির খেলা এখনো শুরু হয়নি, কেবল জনসভার শুরু। তারেক রহমানের ১৭ বছরের সংগ্রাম চাট্টিখানি কথা নয়। আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখিনি। এই বছরের মধ্যেই নির্বাচন হবে, আর তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।”
নিখোঁজ নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, “ইলিয়াস আলীসহ ১৬-১৭ বছর ধরে নিখোঁজ ৮০০ তরুণের আজও সন্ধান মেলেনি। তারা কারও ভাই, কারও স্বামী, কারও সন্তান। অথচ ছয় বছর বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করা নেত্রীর প্রতি কারও নজর নেই। ১৭ বছরে বিএনপির নামে ৬০ লাখ মামলা হয়েছে। নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, বন-বাদাড়ে রাত কাটিয়েছে।”
ক্ষমতাসীন দলের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, “সত্যিই যদি আপনাদের এত ক্ষমতা থাকে, তাহলে নির্বাচন নিয়ে ভয় কেন? পঞ্চগড় ধানের শীষের এলাকা। আগামী নির্বাচনে এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত। আমরা শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের সৈনিক। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারও কাছে মাথা নত করি না।”








