বায়ুদূষণমুক্ত পঞ্চগড় গড়তে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন ব্যারিস্টার নওশাদ জমির
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে বায়ুদূষণ রোধে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তাঁর ছোট ভাই ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির এ স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, বায়ুদূষণ এখন একটি বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। পঞ্চগড়েও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে যত্রতত্র বালু-পাথর স্তুপ করে রাখা, অনিয়ন্ত্রিত পরিবহন ও পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া ধুলাবালি বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নওশাদ জমিরের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় অর্থনীতির জন্য বালু-পাথর ব্যবসা গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি। অধিকাংশ শ্রমিক সচেতনতার অভাব ও সুরক্ষা সামগ্রীর অভাবে নানা শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।
বায়ুদূষণ রোধে প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—
বালু ও পাথর শ্রমিকদের জন্য মাস্ক, গ্লাভস, বুট, হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ সরবরাহ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
মূল সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে বালু-পাথরের স্তুপ করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান।
পরিবহনের নির্দিষ্ট সময় নির্ধারণ এবং সেই সময়ের পর সড়কে পড়ে থাকা ধুলাবালি দ্রুত পরিষ্কার করা।
প্রতিটি বালুঘাট, পাথরপয়েন্ট, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মধ্যে সমন্বয় করে একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা, যাতে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সড়কগুলো নিয়মিত পরিষ্কার রাখা যায়।
স্মারকলিপিতে আরও বলা হয়, এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসন্ন শুষ্ক মৌসুমে পঞ্চগড়বাসী বায়ুদূষণের ভয়াবহতা থেকে অনেকাংশে মুক্তি পাবে। তাই এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।








