ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইরানের মিসাইল হামলায় সখিপুরের মোশাররফের সৌদি আরবে মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 9, 2026 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 152 বার

শরিফুল ইসলাম বাবুল , সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বুক ভরা স্বপ্ন আর আশা নিয়ে ৮ বছর আগে প্রবাসে পাড়ি জমান মোশারফ হোসেন (৩৫)। টাঙ্গাইলের সখিপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের ছেলে মোশাররফ । সৌদি আরবের আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় থেমে গেলো তার জীবনসংগ্রাম।

মোশাররফ ওই গ্রামের মো. সূর্যত আলী। তাঁর পরিবারে রয়েছে দুই ছোট ছেলে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে।

তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে গিয়েছিলেন সংসারের হাল ধরতে দূর প্রবাস সৌদি আরবে।

গতকালও পরিবারের সাথে কথা হয়েছিল। স্ত্রী কবরী আক্তার জানান, রাতে কথা হয়েছিল স্বামীর সাথে। বলেছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুটির জন্য কিছু কিনতে। কিন্তু কে জানতো সেই কথাই হবে শেষ কথা! রাত প্রায় ৩টার দিকে খবর আসে মোশাররফ হোসেন আর নেই।

এই সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। এলাকার মানুষ সমবেদনা জানাতে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

মোশাররফের মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে অবাক দৃষ্টিতে চারপাশের মানুষের কান্না দেখছে।হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কোনোদিন ফিরবেন না।

প্রবাসী মোশাররফের স্বপ্ন ছিল শুধু পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু দূর প্রবাসে মিসাইলের আঘাতে থেমে গেলো সেই স্বপ্ন, নিঃস্ব করে দিয়ে গেলো একটি পরিবারকে।

খবর শুনে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী গিয়েছিলেন মোশাররফের বাড়িতে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।