ঢাকা | মে ৩১, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: রাঙ্গুনিয়ায় আমির খসরুসহ কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 30, 2026 - 12:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

বিশেষ প্রতিনিধি, রাঙ্গুনিয়া: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

আজ ৩০ মে ২০২৬, শনিবার সকাল থেকেই নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে ওঠে রাঙ্গুনিয়ার জুরাছড়ি এলাকায় শহীদ জিয়ার প্রথম সমাধিস্থল।

দুপুর ১২টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের এক বিশাল বহর নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি’র সাথে আরও উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি’, হুম্মাম কাদের চৌধুরী (সংসদ সদস্য, রাঙ্গুনিয়া-৭ আসন), এরশাদউল্লাহ (সংসদ সদস্য, চট্টগ্রাম বোয়ালখালী ও চান্দগাঁও আংশিক), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি’, (চট্টগ্রাম-৬ আসন রাউজান), এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন: “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক কালজয়ী মহান নেতা, যিনি একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। রণাঙ্গনে যুদ্ধ করে তিনি যেমন এদেশ স্বাধীন করেছেন, তেমনি একে একটি আধুনিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। আজ দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি।”

শহীদ জিয়ার হত্যাকাণ্ড সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সুষ্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী। তাই শহীদ জিয়ার হত্যা মামলার বিচারের বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, তা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগই নেবে—কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা এতে হস্তক্ষেপ করবে না।

শেষে তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।