দানবাক্স গণনা পিছিয়ে যাওয়ায় বাড়ছে জনমনে কৌতূহল: স্বচ্ছতার দাবিতে সরব অনেকেই
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স গণনা নির্ধারিত সময়ে না হওয়ায় জনমনে কৌতূহল ও নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকেই জানতে আগ্রহী—১৫ দিনে দানবাক্সে ঠিক কত টাকা জমা হয়েছে এবং সেই অর্থ কীভাবে ব্যবহৃত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ মত প্রকাশ করে বলেছেন, দানবাক্সের অর্থ গণনা যেন গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। তাদের মতে, এতে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
অনেকের মত, মাজারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ মাদ্রাসা, এতিম, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হলে দানের প্রকৃত উদ্দেশ্য আরও সুন্দরভাবে বাস্তবায়িত হবে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নাগরিক সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে পুনরায় সিলেটে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগের কারণে তিনি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিলেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই। জনসাধারণের প্রত্যাশা, দানবাক্সের অর্থ গণনা ও ব্যবহারের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।








