আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় — সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিএমপি কমিশনার
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, “আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না। পুলিশের কাজের প্রকৃত মূল্যায়ন হবে সাধারণ মানুষের সন্তুষ্টির মাধ্যমে।”
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনসচেতনতা ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদকে ইতিবাচকভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
সভায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনগণের সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, জনগণের কল্যাণে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








