ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতিসংঘ মহাসম্মেলনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 27, 2026 - 3:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

সৌদি আরব প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আলজেরিয়া, মেক্সিকো ও ঘানার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সৌদি আরব ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তার দায়িত্ব পালনের সময়কার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা জানান প্রিন্স ফয়সাল।

এদিকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং এ বিষয়ে চলমান উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাসকো আলভারেজের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুডজেতো আবলাকওয়ার সঙ্গে বৈঠকে সৌদি আরব ও ঘানার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও স্থান পায়।

বৈঠকগুলোতে জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. আবদুলআজিজ আল-ওয়াসিলসহ সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে ধারাবাহিক উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় জোরদারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।