ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ী বাড়ী পুলিশি অভিযান
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিদের বাড়ী বাড়ী পুলিশের অভিযানে,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদকসহ দুই নেতাকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।
স্থানীয় বিএনপি নেতাদের দাবী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্থ করতে পুলিশ এ অভিযান শুরু করেছে।
তবে আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেছেন,কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়,সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন সুজাপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্র (৫০) ও পূর্ব বাজিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শফিকুল ইসলাম মুকুলের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সাজু (৪০)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সুনিদৃষ্ট অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। পাশবর্তি বিরামপুর থানার একটি নাশকতা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন,গত ১৫ই সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি নাশকতা মামলা হয়। ওই মামলা সুত্রে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন,আটক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী পেশায় একজন শিক্ষক ও যুদলের নেতা সাজেদুর রহমান একজন সাবেক ইউপি সদস্য, তাদের কারো নামেই কোন মামলা নাই।
তিনি অভিযোগ করে বলেন, কোন ওয়ারেন্ট ছাড়াই বুধবার গভির রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতা-কর্মির বাড়ীতে পুলিশ এমন অভিযান চালিয়েছে।
এদিকে পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম বলেন, আগামী ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্থ করতে পুলিশ বিএনপির নেতা-কর্মির বাড়ী বাড়ী এই অভিযান শুরু করেছে। তিনি বলেন কোন অভিযোগ ও ওয়ারেন্ট ছাড়াই পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করে এখন গায়েবী মামলা দেয়ার ষড়যন্ত্র করছে।








