ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 8, 2025 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করিয়ে দিয়েছে নারী ও শিশুসহ ১৫ জনকে। বুধবার ভোরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে তাঁদের পুশ ইন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁরা দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাঁদের বাড়িঘর ভেঙে ফেলে এবং একটি হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভান্ডার এলাকায় এনে বিএসএফ-এর হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাঁদের কমলগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

আটকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে আরও তিন শতাধিক মানুষ ছিল। তবে বাকিদের কোন সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে তা তাঁরা জানাতে পারেননি।

মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব জানান, আটক ব্যক্তিদের বিজিবি ক্যাম্প থেকে থানায় নেওয়ার প্রস্তুতির সময় তিনি উপস্থিত ছিলেন, তবে পরে তাঁদের থানায় নেওয়া হয়নি।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল বলেন, “বিএসএফ ১৫ জনকে পুশ ইন করেছে। বিজিবি তাঁদের আটক করে নিয়ে গেছে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া। তিনি বলেন, “আটককৃতরা সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “বিজিবি ১৫ জনকে আটক করেছে বলে শুনেছি, তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, “আমি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। খোঁজ নিচ্ছি।”

এর আগে একই সপ্তাহে খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে ৮১ জন এবং কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ইন করা হয় বলে জানা গেছে।