বর্ষায় নষ্ট উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, স্কুলের সমাবেশ হচ্ছে বারান্দায়
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ক্রমাগত বৃষ্টিপাত ও দীর্ঘদিন সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ এখন মাঠে নয়, বাধ্য হয়ে স্কুলের বারান্দায় অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার অন্যতম প্রাচীন এই বিদ্যালয়ের মাঠটি একসময় স্থানীয় খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল। কিন্তু গত কয়েক বছরের অব্যবস্থাপনা, বৃষ্টির পানিতে মাঠের মাটি নরম হয়ে যাওয়া ও নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি এখন গর্ত ও কাদা-পানিতে পরিপূর্ণ। ফলে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে গেছে, পাশাপাশি সমাবেশ ও পাশ্ববর্তী কলেজ ও প্রাইমারি স্কুলের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মাঠটি সংস্কার না হওয়ায় সকালবেলার সমাবেশ বারান্দায় আয়োজন করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম পরিচালনায় অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, অতি দ্রুত বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা প্রয়োজন।তাদের মতে, মাঠটি সংস্কার করা গেলে একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য পাঠদান ও সমাবেশ স্বাভাবিক হবে, তেমনি স্থানীয় ক্রীড়াচর্চার মানও ফিরবে আগের অবস্থায়।
তারা আরো বলেন, “উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠটি একসময় এলাকার তরুণদের খেলাধুলার প্রাণকেন্দ্র ছিল। এখন বৃষ্টির পানিতে মাঠের চেহারা নষ্ট হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যৎ প্রজন্ম মাঠবিমুখ হয়ে পড়বে।”
এলাকাবাসী আশা করছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাঠটি দ্রুত সংস্কার করা হবে, যাতে শিক্ষার্থীরা আবারও নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদান ও খেলাধুলায় অংশ নিতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের মাঠটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মাধ্যমে অবগত হলাম। মাঠটি সংস্কারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করা হবে।








