ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নির্বাচনী উত্তাপ: শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পঞ্চগড়-১ আসনে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 29, 2025 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

স্নিগ্ধা খন্দকার নিহা, স্টাফ রিপোর্টার:দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই বিভিন্ন আসনে প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনপূর্ব উত্তাপ।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে শুরু করেছেন উঠোন বৈঠক, সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোডাউনসহ আগাম প্রচারণা।

এমন প্রেক্ষাপটে এবার আলোচনায় উঠে এসেছেন কৃষকের ছেলে মাজেদুর রহমান লিটন। তিনি পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলার বলরামপুর লিলারমেলা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাজেদুর রহমান লিটন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কৃষক এমদাদুল রহমানের ৯ সন্তানের মধ্যে পঞ্চম। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে নির্বাচিত সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ভঙ্গ, অবহেলিত মানুষের প্রতি উদাসীনতা, যুবসমাজ ও নারীদের উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব তাকে স্বতন্ত্র প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। জনগণের প্রকৃত সেবক হিসেবে এলাকার সার্বিক উন্নয়নেই তিনি কাজ করতে চান।

তিনি আরও জানান, “কোনো দল বা পরিবারের পরিচয়ে নয়, কৃষকের ছেলে হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই প্রার্থী হয়েছি। যোগ্য মনে হলে আপনারা আমাকে ভোট দেবেন।”

নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও জনগণের টাকায় জনগণের উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির সারজিস আলম, জামায়াতের ইকবাল হোসেন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জাসদের নাজমুল হক প্রধানসহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।