নাতিপ্রেম
/আজিজ হক
তুমি গেছো ভাইয়া ভিন বাড়িতে
এই বাড়িতে আমি,
কাটছে সময় কেমন আমার
জানেন অন্তর্যামী।
আজ আমায় ফেলে গিয়েছো চলে
ভিন বাড়িতে তুমি,
তাই বিহঙ্গ আর গাহে না গীতি
নিথর বনভূমি;
তুমি গেছো চলে সাথে গেছে আলো
এই বাড়িটা ছেড়ে;
কৃ্ষ্ণ পক্ষের মলিন চাঁদেরও
জ্যোছনা গেছে মরে।
ঈশান কোণের কালো মেঘখানি
দ্রুত আকাশ ছায়,
মনের দেয়ালে ব্যথার লতাটি
আরো দেয়াল বায়।
আবার তুমি আসবে ব’লে
আশায় চাহি পথ
আমার প্রাঙ্গনে যদি হাসি-গানে
ফেরে তোমার রথ।