ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পৌষসংক্রান্তিতে হাওরের মাছের দখলে কমলগঞ্জের বাজার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 14, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার
রাজন আবেদীন রাজু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলার প্রতিটি বাজারেই শুরু হয় এ মেলা। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ, শমশেরনগর, আদমপুর ও মুন্সীবাজারে বসা বিশাল মাছের মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দুপুরে মুন্সীবাজারের মাছের মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে বড় আকারের মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় বোয়াল, চিতল, রুই, কাতলা, বাঘ মাছসহ নানা জাতের দেশীয় মাছের সমাহার দেখা যায়। পাঁচ কেজি থেকে শুরু করে ৩৫–৪০ কেজি ওজনের বিশালাকৃতির মাছ বিক্রি হচ্ছে। সাধারণ হাট-বাজারে যেসব মাছ সচরাচর দেখা যায় না, সেসব দুর্লভ মাছ সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা।
তবে মাছের দাম তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন অনেক ক্রেতা। মুন্সীবাজারের মাছ বিক্রেতা সুমন মিয়া জানান, তিনি ২৫ কেজি ওজনের একটি বোয়াল ও একটি বাগাইর মাছ নিয়ে মেলায় বসেছেন। মাছ দুটির দাম তিনি হাঁকিয়েছেন ৭৫ হাজার টাকা। ক্রেতারা ৩০-৩২ হাজার টাকা পর্যন্ত দর বললেও তিনি তা বিক্রি করেননি।
আরেক ব্যবসায়ী শিপন মিয়া জানান, তিনি ৩৫ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম চেয়েছেন ৭০ হাজার টাকা। মাছটির দর ২০ হাজার টাকা পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত বিক্রি হয়নি।
মেলায় আসা ক্রেতারা জানান, হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা টাটকা দেশীয় মাছ কেনার জন্য তারা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকেন। অনেক দুর্লভ মাছ একমাত্র পৌষ সংক্রান্তির মেলাতেই পাওয়া যায়। তবে এ বছর মাছের সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম বলে মন্তব্য করেন অনেকে।
মৎস্য ব্যবসায়ী অদন পাল বলেন, “পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর এখান থেকে আমরা পাইকারি মাছ কিনে মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি।”
দর্শনার্থী জাহেদ আহমদ বলেন, “এই প্রথম মাছের মেলায় এলাম। এত বড় মাছ সচরাচর দেখা যায় না। শত বছরের ঐতিহ্য বহন করছে এই মেলা।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন বাজারে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।