রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। যৌথভাবে সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্যকার শুভাশিস সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং কমলগঞ্জ বিআরডিবির সহ-সভাপতি নন্দ কুমার সিংহ। স্বাগত বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ ও বিশ্ব কবি মঞ্চের আহ্বায়ক পুলক কান্তি ধর।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বিকাশে নতুন প্রজন্মকে আরও সচেতন হতে হবে। ভাষার সঠিক চর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য লালনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে দিনব্যাপী এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।