ঢাকা | জুলাই ২০, ২০২৬ - ৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 19, 2026 - 6:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

স্টাফ রিপোর্টার, স্নিগ্ধা খন্দকার: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের সংকটময় সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইপের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের জীবনের শেষ সুযোগ এটাই। এই আন্দোলন যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। বাড়ি গিয়ে পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। হয় জিতলে বাংলাদেশ থাকবে, তোমরা থাকবে; না হলে বাংলাদেশও থাকবে না, তোমরাও থাকতে পারবে না।”

তিনি বলেন, ১৮ জুলাই থেকেই আন্দোলনে অংশগ্রহণকারীরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে রাজপথে নেমেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯ জুলাই ছিল আন্দোলনের সবচেয়ে নির্মম ও কঠিন দিনগুলোর একটি, তবে সেই সংকটময় সময় অতিক্রম করে আন্দোলন সফল হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের বেতনের অর্থ থেকে প্রতি মাসে বোদা উপজেলার পাঁচটি জুলাই পরিবার এবং ময়নাদিঘির প্রথম শহীদের পরিবারসহ মোট ছয়টি পরিবারকে সম্মানী ভাতা প্রদান করে আসছেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া কার্যালয়ে দুইটি জুলাই পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বোদা কার্যালয়ে একজন এবং দেবীগঞ্জ কার্যালয়ে একজনকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, যেভাবে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়, সেভাবেই জুলাই যোদ্ধাদেরও যথাযথ মর্যাদায় স্মরণ করা উচিত। পাশাপাশি, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত, আহত, গুম ও পঙ্গু হওয়া ব্যক্তিদের আত্মত্যাগ দলমত নির্বিশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা সুলতানা এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা মনি রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় জুলাই পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং জুলাই পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে আয়োজন সফল করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।