ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসে দীর্ঘ ১৬ বছর ব্যবসা করার অভিজ্ঞতা থেকে দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, কর্মীদের দায়িত্ববোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপসাংবাদিকতা নিয়ে নিজের হতাশা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন সৌদি আরবপ্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুব। একই সঙ্গে সব বাধা পেরিয়ে বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এক দীর্ঘ বক্তব্যে মোহাম্মদ আইয়ুব বলেন, প্রবাসে ১৬ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তিনি। শূন্য থেকে শুরু করে সৌদি আরবের বাজারে নিজের ব্যবসার অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশেও তাদের ব্যবসা পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

তবে দেশের বর্তমান ব্যবসায়িক পরিবেশ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, সৎ ও হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। দুর্নীতি, মিথ্যা ও প্রতারণার কারণে প্রকৃত উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মোহাম্মদ আইয়ুব বলেন, নানা বাধা ও প্রতিকূলতা থাকলেও দেশের জন্য তার স্বপ্ন থেমে থাকবে না। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তিনি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাবেন।

দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্বশীলতা নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, কর্মীদের কাজের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। প্রতিষ্ঠান লাভবান হলে কর্মীদের বেতন, সুযোগ-সুবিধা ও ক্যারিয়ারে উন্নতির সুযোগও তৈরি হয়। এ বিষয়ে তিনি নিয়মিত কর্মীদের সঙ্গে বৈঠক করে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন বলেও জানান।

তিনি আরও বলেন, কাস্টমারদের সঙ্গে ভালো আচরণ, তাদের চাহিদা বোঝা এবং নিয়মিত কাজের প্রতিবেদন দেওয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করা সম্ভব। কর্মীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন ছাড়া দেশে টেকসই ব্যবসা ও কর্মসংস্থান বাড়ানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের আচরণ নিয়েও হতাশা প্রকাশ করেন এই প্রবাসী উদ্যোক্তা। তার অভিযোগ, কিছু অসৎ সদস্য নিরীহ প্রবাসী ও ব্যবসায়ীদের হয়রানি করেন। তিনি সৎ ব্যবসায়ী ও প্রবাসীদের নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ আইয়ুব বলেন, অপসাংবাদিকতার কারণে যেন প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। তরুণ ও যুবসমাজের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিজের জন্মস্থান রাজবাড়ীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও সততার সঙ্গে ব্যবসার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এর মাধ্যমে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

বাংলাদেশ সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি সৎ ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা হলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

মোহাম্মদ আইয়ুব বর্তমানে আইয়ুব হিলটপ সুপার মার্কেটের চেয়ারম্যান, আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান এবং সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।