ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুনামগঞ্জের ৮ যুবক নিখোঁজ, ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যুর খবর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সুনামগঞ্জ প্রতিনিধি: মানব পাচারকারী দালালের মাধ্যমে অবৈধপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির সংকটে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুনামগঞ্জের ৮ যুবক নিখোঁজ রয়েছেন বলে গত ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। তবে নিখোঁজদের কেউ কেউ মারা গেছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে প্রশাসনের পক্ষ থেকে তথ্য যাচাই করা হচ্ছে।

নিখোঁজ ৮ জনের মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন এবং দিরাই উপজেলার ১ জন রয়েছেন।

নিখোঁজরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া ও মামুন খান এবং রনসী গ্রামের মো. তালহা। জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমদ টিপু ও গন্ধর্বপুর গ্রামের হাবিব উল্লাহ এবং দিরাই পৌর এলাকার ঘাগটিয়া গ্রামের সানোয়ার হোসেন।

স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জের বেশ কয়েকজন যুবক গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালালের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান। পরে গত ৩ আগস্ট রাতে তারা লিবিয়ার তাবারুক উপকূল থেকে নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। ওই নৌকায় মোট ৪২ জন ছিলেন, যাদের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

যাত্রার আগে ও ওইদিন অনেকেই দেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নৌকার বোট নষ্ট হয়ে যাওয়া এবং খাবার-পানি শেষ হয়ে যাওয়ার পর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়।

নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা জানান, এখন পর্যন্ত তাদের স্বজনদের মৃত্যু বা উদ্ধারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তারা পাননি। ফলে একদিকে পরিবারগুলোতে চলছে আহাজারি, অন্যদিকে নিখোঁজদের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, প্রথমে সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করার খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে কয়েকজনের মৃত্যুর তথ্য জানা যায়। তবে প্রকৃত ঘটনা ও নিখোঁজদের বিষয়ে নিশ্চিত তথ্য উদঘাটনে যাচাই-বাছাই চলছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকও জানিয়েছেন, ভূমধ্যসাগরে সুনামগঞ্জের কয়েকজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এর সত্যতা যাচাই করা হচ্ছে।

সচেতন মহল বলছে, উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখলেও মানব পাচারকারী দালালের প্রলোভনে পড়ে অবৈধ সাগরপথে পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার পরিবর্তে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা উচিত।